শরিয়তি আইনে বৈষম্যের শিকার মহিলারা, অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের

দেশের মুসলিম মহিলাদের উত্তরাধিকার সংক্রান্ত শরিয়তি আইনে বিদ্যমান বৈষম্য দূর করতে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ১৯৩৭ সালের শরিয়ত আইনের একটি বিশেষ ধারা বাতিলের আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণ দেয়। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বর্তমানে দেশব্যাপী অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সময় এসেছে।
মামলার শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি আর মাধবনের বেঞ্চ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে অভিহিত করেন। তবে আদালত সতর্ক করে জানিয়েছে, বিকল্প কোনো বিধিবদ্ধ আইন না থাকা অবস্থায় শরিয়তি আইন বাতিল করলে একটি আইনি শূন্যতা তৈরি হতে পারে। এর ফলে মুসলিম মহিলারা বর্তমানে যেটুকু অধিকার পাচ্ছেন, তা-ও হারানোর সম্ভাবনা থেকে যায়।
আদালত আরও উল্লেখ করেছে যে, এই ধরনের আইনি সংস্কার ও অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আসলে আইনসভার। সমস্ত জটিল সামাজিক ও আইনি প্রশ্নের সমাধান হিসেবে একটি সার্বজনীন বিধি থাকা আবশ্যক। সুপ্রিম কোর্টের এই সরাসরি অবস্থান দেশের বিচারবিভাগীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।