বারাসাতে তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ

বারাসাতের হেলাবটতলায় সোমবার বিকেলে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, পরিবর্তন যাত্রা চলাকালীন বিজেপির কর্মী-সমর্থকরা হেলাবটতলায় তৃণমূলের অটো ইউনিয়ন অফিসে অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয় এবং সামনে থাকা একাধিক মোটরসাইকেল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ও ছবিতে ইট-পাঠকেল ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উস্কানিমূলক ভাষণের পরই উত্তেজিত কর্মীরা এই তাণ্ডব চালায়। ঘটনার সময় পুলিশের সামনেই বেশ কিছুক্ষণ ধরে ভাঙচুর চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র্যাফ এবং আধা সেনাবাহিনী নামানো হয়। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই বারাসাত থানার পুলিশ সোমবার রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।