প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাৎ মমতার, ‘অবিচার হয়েছে’ বলে দাবি মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে আলিপুরের সরকারি অতিথি ভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধরনা প্রত্যাহারের পর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার সুবাদে এবং বাংলার শিষ্টাচার মেনে তিনি প্রাক্তন রাজ্যপালকে শুভকামনা জানাতে এসেছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিধানসভা নির্বাচনের আগে আনন্দ বোসকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর মতে, প্রাক্তন রাজ্যপালের প্রতি অন্যায় ও অবিচার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে, আনন্দ বোস বাংলাকে ভালোবাসেন এবং ভবিষ্যতে তাঁকে আবারও এই রাজ্যে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ৫ মার্চ হঠাৎই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে। যদিও আনন্দ বোস এটিকে তাঁর ‘সচেতন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তিনি নিজের রাজ্য কেরালায় ফিরে গিয়ে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে কাজ করবেন। তবে তাঁর এই আকস্মিক বিদায়ের নেপথ্যে থাকা প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।