তুলি হাতে প্রতিবাদী মেজাজে মমতা ক্যানভাসে ভ্যানিশ কুমার ফুটিয়ে তুলে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ

ধর্মতলার ধর্নামঞ্চে আন্দোলনের মাঝেই এবার শিল্পী সত্তায় ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আন্দোলনের পঞ্চম দিনে হাতে তুলি তুলে নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুললেন এক প্রতীকী প্রতিবাদ। ছবির কেন্দ্রে বড় বড় ইংরেজি অক্ষরে ‘SIR’ লিখে তার পাশেই বিদ্রুপের সুরে লিখলেন ‘ভ্যানিশ কুমার’। এই অভিনব পন্থায় মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো।
বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে গত পাঁচ দিন ধরে অবস্থানে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কদিন তাঁকে কখনও রবীন্দ্রসঙ্গীতে গলা মেলাতে, আবার কখনও বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করতে দেখা গেছে। তবে আজকের শৈল্পিক প্রতিবাদ ছিল সম্পূর্ণ ভিন্ন। মঞ্চে তাঁর এই ছবি আঁকার মুহূর্তকে ঘিরে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিন মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে সংহতি জানাতে হাজির হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। শিখ সম্প্রদায়ের পাশাপাশি ব্রাহ্মণ ও বৈষ্ণব সমাজের প্রতিনিধিরাও এদিন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ সমাজের রাজ্য সভাপতি ইন্দ্রনীল মুখোপাধ্যায় জানান, রাজ্যের প্রায় ২ কোটি মানুষ ব্রাহ্মণ পরিবারের সঙ্গে যুক্ত এবং বর্তমান সরকারের সামাজিক প্রকল্পে তাঁরা উপকৃত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মহান নেত্রী’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, তাঁদের পূর্ণ সমর্থন দিদির পাশেই রয়েছে। রাজনীতির লড়াইয়ে আন্দোলনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই তুলির টানে প্রতিবাদের ভাষা নতুন মাত্রা যোগ করল।