বিছানায় প্রস্রাব থেকে ৪ দিন অভুক্ত রাখা, প্রাক্তন আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী

প্রাক্তন আইপিএল ক্রিকেটার তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্মী অমিত মিশ্রের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী গরিমা তিওয়ারি। ৩৫ বছর বয়সী এই মডেল কানপুরের অতিরিক্ত সিভিল জজ (সিনিয়র ডিভিশন) আদালতে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুক, শারীরিক নিগ্রহ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করেছেন।
পেশায় মডেল গরিমার অভিযোগ, ২০২১ সালে বিয়ের পর থেকেই তাঁর ওপর শ্বশুরবাড়ির পক্ষ থেকে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়। বিয়ের সময় আড়াই লক্ষ টাকা দিলেও ক্রিকেটার ও তাঁর পরিবার একটি দামী গাড়ি ও আরও ১০ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। অভিযোগের আঙুল উঠেছে অমিতের মা বীণা মিশ্র, বাবা শশীকান্ত মিশ্র, ভাই অমর এবং দুই ননদ ঋতু ও স্বাতীর বিরুদ্ধে।
গরিমা আদালতে জানিয়েছেন, মদ্যপ অবস্থায় অমিত তাঁকে প্রায়শই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। এমনকি টানা চার দিন তাঁকে খাবার না দিয়ে অভুক্ত রাখা হয়েছিল বলেও তাঁর দাবি। শুধু তাই নয়, মডেলিং থেকে অর্জিত সমস্ত অর্থ কেড়ে নেওয়া এবং কেরিয়ার ছাড়তে বাধ্য করার অভিযোগও তুলেছেন তিনি। দীর্ঘদিন ধরে এই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে আদালতকে জানান।
নির্যাতিতা স্ত্রীর দাবি, এর আগে পুলিশ কমিশনারের দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও অমিতের প্রভাবের কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গরিমার আইনজীবী করিম আহমেদ সিদ্দিকী জানিয়েছেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাঁদের। ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া এই দম্পতির বৈবাহিক কলহ এখন আইনি মোড় নিল।