নর্দমার নোংরা জলই মেটাবে তৃষ্ণা রাজ্য সরকারের অভাবনীয় পদক্ষেপে দূর হবে জলসংকট

রাজ্যজুড়ে ক্রমবর্ধমান পানীয় জলের সংকট মোকাবিলায় এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ড্রেনের নোংরা জলকে উন্নত প্রযুক্তির মাধ্যমে শোধন করে তা পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার জন্য একটি বিশেষ খসড়া নীতি বা ‘ড্রাফট পলিসি’ তৈরি করেছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো একদিকে যেমন জলের হাহাকার দূর করা, অন্যদিকে নদী ও সমুদ্রের দূষণ কমানো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি এই খসড়া পরিকল্পনা অনুযায়ী, গৃহস্থালির ব্যবহৃত জল যা নর্দমা দিয়ে বেরিয়ে যায়, তা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিশোধন করা হবে। এই পরিশোধিত জল পান করা থেকে শুরু করে স্নান, কাপড় কাচা বা বাসন মাজার মতো দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে। সরকারি আধিকারিকদের মতে, উন্নত প্রযুক্তির সাহায্যে এই জলকে সম্পূর্ণ নিরাপদ ও ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব। এর আগে সুনির্দিষ্ট কোনো সরকারি নীতি না থাকায় এই কাজ বাস্তবায়িত করা যায়নি, তাই এবার নতুন আইন প্রণয়নের পথে হাঁটছে প্রশাসন।
পুরো বিষয়টি তদারকি করার জন্য রাজ্যস্তরে মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে স্বাস্থ্য, পরিবেশ, সেচ এবং শিল্প দপ্তরের সচিবরা সদস্য হিসেবে থাকবেন। এছাড়া কারিগরি সহায়তার জন্য ‘সুডা’-র অধীনে একটি ‘ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেল’ তৈরি করা হবে। পুরসভাগুলি সাধারণ মানুষ ও শিল্পসংস্থাগুলোকে এই জল ব্যবহারে সচেতন করার দায়িত্ব পালন করবে। বর্তমানে এই খসড়া নীতির ওপর সাধারণ নাগরিকদের মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে, যাতে জনমানসের প্রত্যাশা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায়।