১৫ মার্চ থেকে এক মাস বন্ধ বিয়ের সানাই! জেনে নিন আবার কবে থেকে শুরু হচ্ছে শুভ দিনক্ষণ

১৫ মার্চ থেকে শুরু হতে চলেছে মলমাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিশেষ সময়ে বিয়ের মতো কোনো শুভ কাজ সম্পন্ন করা অশুভ বলে মনে করা হয়। ফলে আগামী এক মাস সানাইয়ের সুর না বাজলেও, ১৫ এপ্রিল থেকে পুনরায় বিয়ের ধুম পড়বে দেশজুড়ে।
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গ্রহরাজ সূর্য যখন ধনু বা মীন রাশিতে প্রবেশ করে, তখনই মলমাসের সূচনা হয়। এই সময় সূর্যের গতি মন্থর হয়ে যাওয়ায় হিন্দুধর্মে বিয়ে, বাগদান, গৃহপ্রবেশ বা মুন্ডনের মতো মাঙ্গলিক অনুষ্ঠান এড়িয়ে চলার বিধান রয়েছে। চলতি বছর ১৪ মার্চ দিবাগত রাত ১টা ০৮ মিনিটে সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পরিবর্তিত হওয়ায় ১৫ মার্চ থেকে মলমাস শুরু হয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে।
পুরাণ মতে, এই সময় সূর্যদেব তাঁর সাতটি ঘোড়াকে বিশ্রাম দিয়ে রথে গাধা সংযুক্ত করেন, যার ফলে তাঁর গতি ধীর হয়ে যায়। শুভ কাজের জন্য সূর্যের উচ্চাবস্থানে থাকা জরুরি বলে এই এক মাস বিরতি নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তবে সুখবর হলো, এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই আবার খুলে যাচ্ছে বিয়ের লগ্ন। ১৫ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বিয়ের একাধিক শুভ দিন রয়েছে।
এপ্রিল মাসের শুভ দিন: ১৫, ১৬, ২০, ২১, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এবং ৩০ তারিখ।
মে মাসের শুভ দিন: ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১২, ১৩ এবং ১৪ তারিখ।
জুন মাসের শুভ দিন: ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ তারিখ।
জুলাই মাসের শুভ দিন: ১, ২, ৬, ৭, ৮ এবং ১১ তারিখ।