২০২১ সালের ভোটপরবর্তী হিংসার এলাকাগুলোতে কারা ছিলেন দায়িত্বে, ডিজি-র কাছে ওসিতেদের তালিকা চাইল নির্বাচন কমিশন

কলকাতার রাজভবনে রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে ২০২১ সালের ভোটপরবর্তী হিংসার স্মৃতি উসকে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে বৈঠকে ওই সময়কার অশান্তিপ্রবণ এলাকাগুলোর ওসিতেদের নামের তালিকা তলব করেছে কমিশন।
কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের পাশাপাশি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা ছিলেন, সেই তথ্যও দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই অফিসারদের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কি না, তাও রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও কমিশনের মেজাজ ছিল যথেষ্ট কড়া। সূত্রের দাবি, রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকেও বেশ কিছু বিষয়ে ভর্ৎসনার মুখে পড়তে হয়। বিশেষ করে রাজ্যে মাদক নিয়ন্ত্রক উপদেষ্টা কমিটি না থাকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন কমিশনার।
বৈঠকে জ্ঞানেশ কুমার স্পষ্ট জানান, ২০২১ সালের নির্বাচনের পরবর্তী ঘটনাবলি গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল। আসন্ন নির্বাচনে যাতে সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। উল্লেখ্য, গত বিধানসভা ভোটের পর রাজ্যে ব্যাপক হিংসার অভিযোগ উঠেছিল, যা নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায় এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগেভাগে কোমর বেঁধে নামছে কমিশন।