মোদীর ব্রিগেডের মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিল এসপিজি চরম উদ্বেগে বিজেপি শিবির

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জনসভাকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি মঙ্গলবার বিকেলে আচমকাই সভামঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে। মাটির নিচে নিশ্ছিদ্র তল্লাশি চালানোর প্রয়োজনেই এই কঠোর পদক্ষেপ বলে জানা গেছে, যার ফলে ব্যপক উদ্বেগের মুখে পড়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মেগা সমাবেশ হওয়ার কথা। গত রবিবার থেকেই জোরকদমে মঞ্চ বাঁধার কাজ শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। লোহার স্তম্ভ এবং কাঠের পাটাতন দিয়ে মূল কাঠামোর কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। কিন্তু মঙ্গলবার বিকেলে এসপিজি কর্তারা সভাস্থল পরিদর্শন করতে এসে সাফ জানিয়ে দেন যে বর্তমান মঞ্চটি সরিয়ে ফেলতে হবে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মাটির গভীর পর্যন্ত পরীক্ষা করে কোনো প্রকার নাশকতার আশঙ্কা নেই সে বিষয়ে নিশ্চিত হতে চায় নিরাপত্তা বাহিনী।
এই নির্দেশের পর সভাস্থলে উপস্থিত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য সংগঠকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সভার বাকি আর মাত্র তিন দিন, এই অল্প সময়ের মধ্যে নতুন করে মঞ্চ তৈরি করা সম্ভব কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে হ্যাঙারটি সম্ভবত খুলতে হবে না বলে দলীয় সূত্রে খবর। মাঠের অন্যান্য প্রস্তুতি যেমন ব্যারিকেড তৈরি বা সাউন্ড সিস্টেম বসানোর কাজ অনেকটাই এগিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী বিজেপি নেতাদের একাংশ দাবি করছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুনরায় মঞ্চ তৈরি করে প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ প্রস্তুত করে ফেলা যাবে।