নবান্ন অভিযানে ধুন্ধুমার রণক্ষেত্র হাওড়া পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে গ্রেফতার ৬৪ আন্দোলনকারী

কাজে স্থায়ীকরণ এবং ৬০ বছর বয়স পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল নবান্ন সংলগ্ন এলাকা। সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ধরপাকড় শুরু করলে রণক্ষেত্রের চেহারা নেয় গ্র্যান্ড ফোরশোর রোড।
পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন দুপুর ১২টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল করে নবান্নের দিকে এগোনোর সময় পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। লোহার ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি জানালে পুলিশ তা নাকচ করে দেয়। এরপরই ক্ষুব্ধ কর্মীরা ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের পথ আটকায়। শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৬৪ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যায়। গত বছর থেকেই মাসে ২৬ দিন কাজ ও চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন এই কর্মীরা, যা এদিন ফের চরম আকার নিল।