মালদহে চাঞ্চল্য ফেলে দিল বাড়ির সামনে পড়ে থাকা বস্তা ভর্তি আধার ও প্যান কার্ড

মালদহে চাঞ্চল্য ফেলে দিল বাড়ির সামনে পড়ে থাকা বস্তা ভর্তি আধার ও প্যান কার্ড

মালদহের হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হলো বস্তা ভর্তি অসংখ্য আধার ও প্যান কার্ড। পরিত্যক্ত অবস্থায় এই গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায় সুশীল টুডু নামে এক ব্যক্তির বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। বস্তা খুলতেই তার মধ্যে থেকে থরে থরে সাজানো আধার কার্ড, প্যান কার্ড এবং পোস্ট অফিসের একাধিক প্রয়োজনীয় নথি বেরিয়ে আসে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সুশীল টুডু স্থানীয় পোস্টমাস্টারের অধীনে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে অস্থায়ীভাবে কাজ করতেন। তাঁর দাবি, বিনোদপুর পোস্ট অফিসের তৎকালীন পিওন হরেশ চন্দ্র রায় তাঁকে দিয়ে অস্থায়ীভাবে কাজ করাতেন এবং বিলি করার জন্য এই নথিগুলি তাঁর কাছে রেখেছিলেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেই কার্ডগুলি বিলি না হওয়ায় তিনি সেগুলি পোস্ট অফিসে ফেরত দেওয়ার জন্য বাড়ির সামনে বের করে রেখেছিলেন।

অন্যদিকে, বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসে কর্মরত তৎকালীন পিওন হরেশ চন্দ্র রায় জানিয়েছেন, কাজের সুবিধার জন্য তিনি সুশীলকে কিছু নথি দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেগুলি এভাবে বাড়ির বাইরে ফেলে রাখা হয়েছে তা তাঁর জানা ছিল না। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তিনি বলেন, সাধারণ মানুষের ব্যক্তিগত ও গোপনীয় নথি এভাবে কারও বাড়িতে ফেলে রাখা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এই ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *