মালদায় চাষির থেকে তোলাবাজির অভিযোগ চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে রণক্ষেত্র হবিবপুর

মালদার হবিবপুরে থ্রেসার মেশিন নিয়ে জমিতে যাওয়ার সময় এক চাষির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী জনতা মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেব পান্ডে নামে এক চাষি তাঁর জমির সরষে ঝাড়াই করার জন্য থ্রেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চার সিভিক ভলান্টিয়ার তাঁর পথ আটকে টাকা দাবি করেন এবং টাকা না দিলে মেশিন নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেন। এই ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য। অভিযোগ, সিভিক ভলান্টিয়াররা ওই জনপ্রতিনিধিদের কলার ধরে টানা-হেঁচড়া ও হেনস্থা করেন।
এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় আদিবাসীরা একজোট হয়ে হবিবপুর রাইস মিল এলাকায় পথ অবরোধ শুরু করেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের শাস্তির দাবি তুলেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা। প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর অবরোধ উঠলেও এলাকায় সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।