রথযাত্রার রেশ কাটতে না কাটতেই কেশপুরে বিজেপিতে বড়সড় ধস নামাল তৃণমূল

রথযাত্রার রেশ কাটতে না কাটতেই কেশপুরে বিজেপিতে বড়সড় ধস নামাল তৃণমূল

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার কেশপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার দলের ব্লক নেতৃত্বসহ একাধিক কর্মী সপার্ষদ ঘাসফুল শিবিরে যোগ দিলেন।

কেশপুর ব্লকের ৩ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে এদিন একদল সক্রিয় বিজেপি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে শামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা। এই যোগদান কর্মসূচিতে ব্লকের অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতারাও উপস্থিত ছিলেন।

দলবদল প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মানুষ বিজেপির ভাঁওতাবাজি বুঝে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে শামিল হতেই তারা সচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন। এই যোগদান আগামী নির্বাচনে কেশপুরে তৃণমূলের শক্তি আরও বাড়াবে বলে দাবি শাসক শিবিরের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *