ভোটের জন্য আমাদের ব্যবহার করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সংখ্যালঘু যুবক

ভোটের জন্য আমাদের ব্যবহার করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সংখ্যালঘু যুবক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন। ভাইরাল ওই ভিডিও ক্লিপটিতে ওই ব্যক্তিকে দাবি করতে শোনা যাচ্ছে যে, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের স্বার্থে তাদের ব্যবহার করে, কিন্তু বিনিময়ে তাদের কোনো প্রকৃত উন্নয়ন হয়নি।

ভাইরাল ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তি অভিযোগ করেন, “বাংলায় মুসলিমদের জন্য কোনো উল্লেখযোগ্য কলেজ, বিশ্ববিদ্যালয় বা স্কুল তৈরি করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কেবল ভোট লুট করতে এবং হিন্দুদের ভয় দেখাতে ব্যবহার করেছেন।” তিনি আরও দাবি করেন, হিন্দুদের বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন রামনবমী বা দুর্গাপূজায় তাদের ব্যবহার করা হয়। তাঁর কথায়, “গুলি আমরা চালাই, আবার গুলি আমাদেরই খেতে হয়। জেলেও আমাদের যেতে হয়, মরতেও আমাদের হয়। এটাই বাংলার বর্তমান পরিস্থিতি।”

উল্লেখ্য, এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, এই বিতর্কের আবহেই ধর্মতলার এক ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাম না নিলেও বিরোধী দল বিজেপির দাবি, তিনি পরোক্ষভাবে হিন্দুদের সতর্ক করেছেন।

মুখ্যমন্ত্রী ওই মঞ্চ থেকে বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি, তবে এক সেকেন্ড লাগবে না পরিস্থিতি বদলে যেতে। একটি কমিউনিটি যখন জোট বাঁধে, তখন ঘিরে ধরলে বারোটা বাজিয়ে দেবে।” তিনি আরও যোগ করেন, নিজেদের ক্ষতি এড়াতে সাধারণ মানুষ যেন বিজেপির অপপ্রচারে বিভ্রান্ত না হন। যদিও মুখ্যমন্ত্রী তাঁর পুরো বক্তব্যে কোনো নির্দিষ্ট ধর্মের নাম উল্লেখ করেননি, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *