বিশ্বজয়ের আনন্দ ছাপিয়ে রিঙ্কু সিংয়ের চোখে জল বাবার অভাব কি মেটানো সম্ভব

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের পর ট্রফি হাতে উল্লাসে মাতলেও মন ভালো নেই তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সম্প্রতি তাঁর বাবা খাণচন্দ্র সিং প্রয়াত হয়েছেন। টুর্নামেন্টের মাঝপথে বাবাকে হারিয়েও জাতীয় কর্তব্যের টানে মাঠে অবিচল ছিলেন এই ফিনিশার। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি দিয়ে নিজের মনের গভীর যন্ত্রণা ও শূন্যতার কথা ভাগ করে নিলেন তিনি।
আবেগঘন পোস্টে রিঙ্কু লিখেছেন যে তাঁর বাবা শিখিয়েছিলেন সবকিছুর উর্ধ্বে কর্তব্য পালন করতে। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুশি হলেও আজ এই সাফল্যের দিনে তাঁর সশরীরে উপস্থিতি ভীষণভাবে মিস করছেন রিঙ্কু। জীবনের প্রতিটি পদক্ষেপে বাবার অভাব অনুভব করবেন জানিয়ে তিনি বলেন যে আজ পাশে থাকলে হয়তো আনন্দ পূর্ণতা পেত। শোকাতুর রিঙ্কুর এই হৃদয়স্পর্শী বার্তা বর্তমানে নেটদুনিয়ায় কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ ভিজিয়ে দিচ্ছে।