দক্ষিণেশ্বরে তুলকালাম! কালো পতাকা হাতে মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে ধরে বিক্ষোভ

পশ্চিমবঙ্গ সফরে এসে নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর মন্দির চত্বরেও তাঁকে লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ দেখালেন একদল আন্দোলনকারী। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গার ঘাট সংলগ্ন মন্দির চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমে বেলুড় মঠ পরিদর্শনে যান মুখ্য নির্বাচন কমিশনার। সেখানে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাফ জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় কোনোভাবেই হিংসা বরদাস্ত করবে না কমিশন। শান্তিপূর্ণ ভোট করতে তারা বদ্ধপরিকর। তবে বেলুড় থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পৌঁছাতেই পরিস্থিতি বদলে যায়।
আগে থেকেই মন্দিরের বাইরে কালো পতাকা হাতে জমায়েত করেছিলেন একদল মানুষ। স্থানীয় সূত্রের খবর, বিক্ষোভকারীদের বড় অংশই তৃণমূল কংগ্রেসের সমর্থক। সাধারণ মানুষকে হেনস্থা এবং একাধিক মৃত্যুর ঘটনার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মাঝেই খোদ নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাকে ঘিরে এই বিক্ষোভ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে মন্দির চত্বরে এত বড় জমায়েত হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।