জুডিশিয়াল অফিসারদের নিয়ে বাড়াবাড়ি করলে কড়া জরিমানার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ অন্তর্বর্তী রেকর্ড বা এসআইআর সংক্রান্ত মামলায় জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা নিশ্চিত করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত অফিসারদের স্বচ্ছতা নিয়ে অযৌক্তিক প্রশ্ন তোলা বরদাস্ত করা হবে না। এমনটা করলে দায়ী পক্ষকে দৃষ্টান্তমূলক জরিমানা গুনতে হবে বলে শীর্ষ আদালত হুঁশিয়ারি দিয়েছে। বিচার বিভাগের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি।
ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আদালত জানিয়েছে, বৈধ ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং প্রয়োজনে ভোটের আগের দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। জুডিশিয়াল অফিসারদের নির্দেশের বিরুদ্ধে আপিলের জন্য প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথাও উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার কেন অফিসারদের রিভিউ তালিকা প্রত্যাহারের আবেদন জানিয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত রাজ্য ও কমিশনকে সতর্ক করেছে। আগামী ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।