নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় বড় দায়িত্বে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের বঙ্গ সফর শেষ করে দিল্লি ফিরল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সফরের শেষ দিনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে কমিশন। এর আগে তিনি স্পেশাল রোল অবজার্ভার হিসেবে ভোটার তালিকা সংশোধনের কাজ তদারকি করছিলেন।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানান, আসন্ন নির্বাচনে কোনো প্রকার হিংসা বা উসকানি বরদাস্ত করা হবে না। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য। এই প্রেক্ষাপটে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের তালিকাও তলব করেছে কমিশন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাথমিক সন্তোষ প্রকাশ করেছেন কমিশনার।
গত রবিবার থেকে শুরু হওয়া এই সফরে রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। যদিও নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নিয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি, তবে সুব্রত গুপ্তের মতো অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিককে গুরুদায়িত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে চাইছে কমিশন।