বিহারের নিখোঁজ যুবককে পরিবারের হাতে তুলে দিল স্বরূপনগর থানার পুলিশ

বিহারের নিখোঁজ যুবককে পরিবারের হাতে তুলে দিল স্বরূপনগর থানার পুলিশ

বিহারে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির গড়ল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ। বিহারের নালন্দা জেলার বাসিন্দা বছর একচল্লিশের রামমূর্তি জমাদার গত দুই মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সেখানে ওই ব্যক্তির পরিচর্যা ও আহারের ব্যবস্থা করার পাশাপাশি তাঁর পরিচয় জানার চেষ্টা চালায় পুলিশ। এরপর বিহারের বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠানোর পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। নালন্দার শারমেরা থানার সহযোগিতায় যুবকের সঠিক পরিচয় নিশ্চিত করে পুলিশ প্রশাসন।

অবশেষে মঙ্গলবার স্বরূপনগর থানায় প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে মা ধনমন্তী দেবী ও ভাইয়ের হাতে রামমূর্তিকে তুলে দেওয়া হয়। দুই মাস পর হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ঘরছাড়া ছেলেকে ফিরে পেতে সহায়তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ও স্বরূপনগর থানা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *