আসামের মেডিক্যাল কলেজ থেকে সরছে প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের নাম

অসমের মেডিক্যাল কলেজ থেকে সরছে প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের নাম

আসামের বরপেটায় অবস্থিত ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি অনুমোদিত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটির নাম বদলে রাখা হচ্ছে ‘বরপেটা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। ভারতের পঞ্চম রাষ্ট্রপতি তথা আসামের একমাত্র ভূমিপুত্র রাষ্ট্রপতির নাম সরকারি প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়ার এই পদক্ষেপে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

নাম পরিবর্তনের স্বপক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অন্যান্য ১৫টি মেডিক্যাল কলেজের নামকরণ হয়েছে সংশ্লিষ্ট এলাকার নামে। একমাত্র বরপেটার ক্ষেত্রে ভিন্নতা থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এমনকি অনেকে এটিকে বেসরকারি প্রতিষ্ঠান বলেও ভুল করছিলেন। এই প্রশাসনিক জটিলতা কাটাতেই সমতা বজায় রাখার উদ্দেশ্যে নামের এই বদল বলে সরকারি তরফে দাবি করা হয়েছে। তবে সমালোচকদের মতে, নামটির সাথে ‘সরকারি’ শব্দটি যুক্ত করলেই এই সমস্যার সমাধান সম্ভব ছিল।

উল্লেখ্য, ফখরুদ্দিন আলি আহমেদ ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর কার্যকাল প্রধানত জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের জন্য বিতর্কিত হলেও, আসামের ইতিহাসে তাঁর বিশেষ গুরুত্ব রয়েছে। ইতিপূর্বে এনআরসি তালিকায় তাঁর পরিবারের নাম বাদ পড়া নিয়েও দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার তাঁর নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলের সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানটি এখন থেকে শুধুই আঞ্চলিক পরিচয়ে পরিচিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *