পয়লা বৈশাখে কি এবার মিষ্টিমুখ হবে না? যুদ্ধের কোপে গ্যাসের আকালে মাথায় হাত ব্যবসায়ীদের

পয়লা বৈশাখে কি এবার মিষ্টিমুখ হবে না? যুদ্ধের কোপে গ্যাসের আকালে মাথায় হাত ব্যবসায়ীদের

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার এসে লাগল বাঙালির হেঁশেলে। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির জোগান ব্যাহত হওয়ায় ভারতেও বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দামের পাশাপাশি দীর্ঘ অপেক্ষার পর মিলছে না প্রয়োজনীয় সিলিন্ডার। এই পরিস্থিতিতে পয়লা বৈশাখের আগে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাংলার মিষ্টান্ন ব্যবসায়ীরা।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সামনেই নববর্ষ। এই বিশেষ দিনে হালখাতার অনুষ্ঠান মানেই মিষ্টিমুখ মাস্ট। কিন্তু বর্তমানে রান্নার গ্যাসের আকালের কারণে মিষ্টি তৈরি প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক ছোট-বড় দোকানদারই আগাম অর্ডার নিতে সাহস পাচ্ছেন না। ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে এবার হয়তো মিষ্টি ছাড়াই হালখাতা সারতে হবে।

অতীতে কাঠের উনুনে মিষ্টি তৈরির চল থাকলেও আধুনিক যুগে সেই পরিকাঠামো আর নেই। পাড়ার অলিতে-গলিতে থাকা মিষ্টির দোকানগুলো এখন পুরোপুরি গ্যাসের ওপর নির্ভরশীল। জোগান কম থাকায় ডিলাররা পর্যন্ত দোকানদারদের ফোন ধরছেন না। হুগলি জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মিষ্টান্ন ব্যবসায়ীদের দাবি, সময়মতো ডেলিভারি দিতে না পারার ভয়ে তাঁরা নতুন অর্ডার ফিরিয়ে দিচ্ছেন। উৎসবের মুখে এই জ্বালানি সংকট মিষ্টান্ন শিল্পকে এক বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *