সি ভি আনন্দ বোসকে কি জোর করে পদত্যাগ করানো হয়েছে মমতার বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

সি ভি আনন্দ বোসকে কি জোর করে পদত্যাগ করানো হয়েছে মমতার বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে এবার সরাসরি বিষ্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী দাবি করেন, আনন্দ বোস নিজের ইচ্ছায় পদ ছাড়েননি বরং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাগডোগরার বিমানের টিকিটও কেটেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয় এবং সেখানেই তিনি পদত্যাগ করতে বাধ্য হন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি রাজভবনকে তাদের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আনন্দ বোস তাতে সম্মত না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার দিল্লি সফর চলাকালীনই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন আনন্দ বোস। ২০২২ সালে দায়িত্ব নেওয়া বোসকে মাত্র তিন বছরের মাথায় সরতে হলো। তার মেয়াদে রাজভবনের এক কর্মী ও এক নৃত্যশিল্পীর আনা যৌন হয়রানির অভিযোগ এবং রাজ্য বিজেপির একাংশের সঙ্গে তিক্ততা নিয়ে জলঘোলা কম হয়নি। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই পদত্যাগ এবং মমতার নতুন দাবি রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলেছে। উল্লেখ্য, আনন্দ বোসের পদত্যাগের পর আর এন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *