দেড় লক্ষ টাকার ব্যাগ কুড়িয়ে পুলিশের হাতে তুলে দিয়ে নজির গড়ল ৯ বছরের খুদে মেহেদি

দেড় লক্ষ টাকার ব্যাগ কুড়িয়ে পুলিশের হাতে তুলে দিয়ে নজির গড়ল ৯ বছরের খুদে মেহেদি

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে সততা ও মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল ৯ বছরের শিশু মেহেদি হাসান। মঙ্গলবার দুপুরে ধুলিয়ান সংহতি উদ্যান পার্কের সামনে রাস্তা থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায় তৃতীয় শ্রেণির এই ছাত্র। ব্যাগের ভেতর নোটের বান্ডিল দেখেও লোক সামলাতে পারেনি সে, বরং তৎক্ষণাৎ ব্যাগটি নিয়ে সামসেরগঞ্জ থানায় হাজির হয় মেহেদি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাগের ভেতর নগদ টাকার পাশাপাশি একটি ব্যাংকের পাসবই ছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্যাগটি ফারাক্কার বাসিন্দা জাকির হোসেনের। বিড়ি শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে অসাবধানতাবশত সেটি হারিয়ে ফেলেছিলেন তিনি। টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়া জাকির বাবু থানায় এসে নিজের আমানত ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন। ৯ বছরের মেহেদির এই সততায় মুগ্ধ হয়ে তাকে দুহাত ভরে আশীর্বাদ করেন তিনি।

সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ছোট্ট মেহেদির এই মহৎ কাজে গর্ব প্রকাশ করেছেন। পুলিশের পক্ষ থেকে তাকে উপহার দিয়ে সম্মানিত করা হয়। আইসি জানান, এত অল্প বয়সে মেহেদি যে সততার পরিচয় দিয়েছে তা বর্তমান সমাজের কাছে এক বিশাল বড় উদাহরণ। ধুলিয়ানের হিজলতলা গ্রামের এই খুদে সদস্যের কীর্তিতে এখন গর্বিত গোটা জেলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *