যুদ্ধবিদ্ধস্ত আকাশপথ: কলকাতায় আটকে পড়া প্রোটিয়া ও ক্যারিবিয়ানদের ফেরাতে উদ্যোগী আইসিসি

যুদ্ধবিদ্ধস্ত আকাশপথ: কলকাতায় আটকে পড়া প্রোটিয়া ও ক্যারিবিয়ানদের ফেরাতে উদ্যোগী আইসিসি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফরা কলকাতায় আটকে পড়েছেন। উপসাগরীয় অঞ্চলে আকাশসীমা বন্ধ থাকা এবং বিমান বাতিলের ফলে আন্তর্জাতিক যোগাযোগ ব্যাহত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড় ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসি নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরা আজ রাত থেকেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সকলের যাত্রা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলের ৯ জন সদস্য ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং বাকি ১৬ জনের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে, প্রতিকূল পরিস্থিতির কারণেই এই বিলম্ব ঘটছে যা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণের বাইরে।

আটকে পড়া সদস্যদের দ্রুত ও নিরাপদে ফেরাতে আইসিসি বিভিন্ন দেশের বিমান সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একইসঙ্গে ক্রিকেট কাউন্সিল সংবাদমাধ্যমের একাংশের বিভ্রান্তিকর জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছে, শুধুমাত্র নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতির নিরিখেই প্রতিটি দলের জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্য কোনো দেশের পরিস্থিতির সঙ্গে এর তুলনা করা সমীচীন নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *