রুশ তেল কেনায় ভারতকে ছাড় দিচ্ছে আমেরিকা তবে পুতিনের কোষাগারে বিশেষ লাভ হবে না বলে দাবি হোয়াইট হাউসের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের আবহে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতের জন্য বড় ঘোষণা করল আমেরিকা। আগামী ৩০ দিন রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে এই পদক্ষেপে রাশিয়ার খুব একটা আর্থিক মুনাফা হবে না বলে স্পষ্ট জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত সবসময়ই আমেরিকার সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভারতের এই ভূমিকার কথা মাথায় রেখেই সাময়িকভাবে এই ছাড় অনুমোদিত হয়েছে। লেভিট উল্লেখ করেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই এই সবুজ সংকেত দেওয়া হয়েছে।
মূলত ইরানের সঙ্গে সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, তা মোকাবিলা করাই আমেরিকার প্রধান লক্ষ্য। লেভিটের দাবি, ভারত অতীতেও মার্কিন নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার তেল কেনা বন্ধ রেখেছিল এবং বিকল্প হিসেবে আমেরিকার কাছ থেকে তেল নেওয়ার পরিকল্পনা করেছিল। বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে তেলের বাজার স্থিতিশীল রাখতেই ভারতকে এই সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।
রাশিয়ার মুনাফার প্রসঙ্গে মুখপাত্র জানান, ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া রুশ তেলের বড় অংশই ইতিমধ্যে সমুদ্রপথে ছিল। ফলে এই সিদ্ধান্তে রুশ সরকারের নতুন করে বড় কোনো আর্থিক সুবিধা হওয়ার সম্ভাবনা নেই। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ভারতের দায়িত্বশীল আচরণের প্রশংসা করে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। সব মিলিয়ে ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।