উত্তর ২৪ পরগনার ৬ বিধানসভা কেন্দ্রে নেই কোনো নতুন ভোটার, চাঞ্চল্যকর তথ্য

রাজ্যের সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর উত্তর ২৪ পরগনা জেলায় এক নজিরবিহীন চিত্র ফুটে উঠেছে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জেলার বাদুড়িয়া, হাবড়া, নৈহাটি, নোয়াপাড়া, দমদম এবং বসিরহাট উত্তর—এই ৬টি বিধানসভা কেন্দ্রে নতুন ভোটার হওয়ার জন্য একজনও আবেদন করেননি। গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়া পর্যন্ত এই কেন্দ্রগুলিতে ‘ফর্ম-৬’ জমা পড়ার সংখ্যা শূন্য।
কমিশন সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের সংখ্যা মাত্র এক। বিপরীতে বিধাননগর এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে যথাক্রমে ৩,৩৯৮ ও ২,৫৪৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। একই জেলার বিভিন্ন প্রান্তের এই বিশাল বৈপরীত্য এবং বেশ কিছু এলাকায় তরুণ প্রজন্মের ভোটার হওয়ার ক্ষেত্রে এমন অনীহা প্রশাসনিক স্তরে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন প্রজন্মের এই অনুপস্থিতি উদ্বেগের কারণ বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রচার চালানো সত্ত্বেও কেন নতুন ভোটারের আবেদন জমা পড়ল না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও অনলাইনে বা নির্দিষ্ট দপ্তরে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া বর্তমানে সচল রয়েছে।