ভোটের আগে রণক্ষেত্র সাগর সাতসকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি

দক্ষিণ ২৪ পরগনার সাগরে সাতসকালেই রক্তাক্ত হলেন এক সক্রিয় বিজেপি নেতা। মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন আহ্বায়ক ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে চলল গুলি। গঙ্গাসাগর ও শ্রীধাম বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর পথ আটকে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার সকালে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন ত্রিলোকেশবাবু। সকাল আটটা নাগাদ জনবহুল রাস্তার মাঝেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাত্ব অবস্থায় ওই বিজেপি নেতা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
রাজনৈতিক উত্তাপ তুঙ্গে পৌঁছেছে এই হামলাকে কেন্দ্র করে। বিজেপির দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিলোকেশ ঢালির প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, তাই রাজনৈতিক উদ্দেশ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে সরাসরি শাসকদলকে কাঠগড়ায় তোলা হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুরনো ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হতে পারে। তৃণমূলের নাম জড়িয়ে বিজেপি অহেতুক রাজনীতি করছে বলেও তারা অভিযোগ করেছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ। বর্তমানে ওই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভোটের আগে এই গুলিবর্ষণের ঘটনায় সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।