আমেরিকায় ৩০০ বিলিয়ন ডলারের বিশাল তেল শোধনাগার গড়ছেন মুকেশ আম্বানি, ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণায় শোরগোল বিশ্বজুড়ে

আমেরিকায় ৩০০ বিলিয়ন ডলারের বিশাল তেল শোধনাগার গড়ছেন মুকেশ আম্বানি, ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণায় শোরগোল বিশ্বজুড়ে

মার্কিন জ্বালানি খাতে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে টেক্সাসের ব্রাউনসভিলে নতুন তেল শোধনাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৫০ বছরের খরা কাটিয়ে যুক্তরাষ্ট্রে নির্মিত হতে যাওয়া এই প্রথম শোধনাগারটি তৈরি করবে ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই প্রকল্পে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প জানিয়েছেন, এর মাধ্যমে আমেরিকা আবারও বিশ্ব জ্বালানি বাজারে নিজেদের আধিপত্য ফিরে পাবে।

হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প রিলায়েন্স এবং ভারতের সঙ্গে তাদের অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, এটি হবে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার যা আমেরিকার অর্থনীতিতে কয়েক লক্ষ কোটি ডলারের মুনাফা আনবে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল সংঘাতের জেরে যখন হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী, ঠিক সেই সংকটকালীন মুহূর্তেই এই মেগা প্রকল্পের ঘোষণা দিলেন ট্রাম্প।

বিগত বছরগুলোতে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা বারবার আলোচনায় এসেছে। ভেনেজুয়েলা থেকে তেল আমদানির বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রাখা থেকে শুরু করে কাতারে ব্যক্তিগত সাক্ষাৎ, দুই পক্ষের ব্যবসায়িক সুসম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছাল। বিশষজ্ঞদের মতে, এই প্রকল্প কেবল মার্কিন জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং ট্রাম্প-আম্বানি সমীকরণের মাধ্যমে ভারত ও আমেরিকার কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ককেও কয়েক গুণ শক্তিশালী করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *