ইউটিউব ব্যবহারকারীদের মাথায় হাত বিশ্বজুড়ে অচল জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম

ইউটিউব ব্যবহারকারীদের মাথায় হাত বিশ্বজুড়ে অচল জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম

বিশ্বের জনপ্রিয়তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই বড়সড় প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভিডিও দেখা, নতুন ভিডিও আপলোড করা থেকে শুরু করে ইউটিউব স্টুডিও ব্যবহার—সবক্ষেত্রেই তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। মোবাইল অ্যাপ এবং ডেস্কটপ উভয় মাধ্যমেই এই বিভ্রাট দেখা দিয়েছে।

আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, হঠাৎ করেই ইউটিউব নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। ব্যবহারকারীরা জানিয়েছেন যে ভিডিও লোড হতে দীর্ঘ সময় লাগছে অথবা বারবার বাফারিং হচ্ছে। অনেকের ক্ষেত্রে ওয়েবসাইট বা অ্যাপ ঠিকমতো খুলছেই না। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা। ইউটিউব স্টুডিও কাজ না করায় তারা চ্যানেলের পরিসংখ্যান দেখতে পারছেন না এবং ভিডিও এডিট বা আপলোড করার ক্ষেত্রেও বাধার মুখে পড়ছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ ক্ষোভ উগরে দিয়েছেন কয়েক হাজার ব্যবহারকারী। অনেকেই টিম ইউটিউবকে ট্যাগ করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এক কন্টেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, ব্যাকএন্ড পরিষেবায় সমস্যার কারণে নতুন ভিডিও পোস্ট করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে।

তবে এই ব্যাপক বিভ্রাট নিয়ে ইউটিউব বা তার মূল সংস্থা গুগলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। ঠিক কী কারণে এই প্রযুক্তিগত বিপর্যয় এবং কখন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন ব্যবহারকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *