নরেন্দ্রপুরের নামী কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন আতঙ্কে রাতভর হাহাকার দক্ষিণ ২৪ পরগণায়

দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানা এলাকায় একটি নামী সংস্থার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ নরেন্দ্রপুরের ডাবর কারখানার গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দমকলের দুটি ইঞ্জিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কারখানার গোডাউনের একটি ঘর থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন কর্মরত কর্মীরা। ওই ঘরে প্রচুর পরিমাণে প্যাকিং কার্টুন মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে কারখানার কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে প্রাথমিক লড়াই শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বড়সড় কোনো হতাহতের খবর না থাকলেও গোডাউনে থাকা বিপুল পরিমাণ কার্টুন ও প্যাকিং সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী মোতায়েন রয়েছে। পকেট ফায়ার নেভাতে চলছে কুলিং প্রসেস। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন দমকলের বিশেষজ্ঞরা। সেই সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।