গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চরম উত্তেজনা এলাকায়

গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চরম উত্তেজনা এলাকায়

ভোটমুখী বাংলায় নির্বাচন কমিশনের কড়া বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল গঙ্গাসাগর। বুধবার সকালে প্রকাশ্য দিবালোকে বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। শ্রীধাম ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছেন।

আক্রান্ত ত্রিলোকেশ ঢালি মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির প্রাক্তন সম্পাদক। বর্তমানে তিনি দলের সাধারণ কর্মী হিসেবে পরিচিত। তাঁর মেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথা বলেছেন।

অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ব্যক্তিগত বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে এবং ভোটের আগে অহেতুক রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোয় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত সোমবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলা সফরে এসে আইনশৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা দিয়েছিলেন। কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্য ছাড়ার একদিনের মধ্যেই এই শ্যুটআউটের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *