গেদে শাখার রেলযাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুশির খবর শোনাল পূর্ব রেল

শিয়ালদহ গেদে এবং মাঝেরহাট শাখায় একগুচ্ছ নতুন ও বর্ধিত লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিশেষ প্রচেষ্টায় আগামী ১৬ মার্চ ২০২৬ সোমবার থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে। এই পরিকল্পনায় শিয়ালদহ থেকে গেদে পর্যন্ত নতুন স্পেশাল ট্রেন চলাচলের পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। বিশেষ করে গেদে থেকে সরাসরি মাঝেরহাট পর্যন্ত নতুন সংযোগকারী ট্রেনটি নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
রেলসূত্রে জানানো হয়েছে ৩১৯৩১ আপ শিয়ালদহ গেদে স্পেশাল ট্রেনটি সকাল ৯টা ২৮ মিনিটে রওনা দেবে। এছাড়া বিকেল ৪টা ১৫ মিনিটে গেদে থেকে মাঝেরহাটের উদ্দেশ্যে ছাড়বে ৩০১৪৪ ডাউন স্পেশাল ট্রেনটি। এর পাশাপাশি রানাঘাট ও কল্যাণী সীমান্ত শাখার বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও সামান্য রদবদল করা হয়েছে। আগামী ১৫ বা ১৬ মার্চ রানাঘাট স্টেশনে সাংসদ ও শিয়ালদহ বিভাগের ডিআরএম আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করবেন। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করেই ভবিষ্যতে এই বিশেষ ট্রেনগুলোকে স্থায়ী করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রেল।