আগুনে বোলিংয়ের ধার বজায় রাখতে বড় সিদ্ধান্ত, টি-টোয়েন্টি ছেড়ে এবার ওয়ানডে বিশ্বকাপেই পাখির চোখ বুমরাহর

আগুনে বোলিংয়ের ধার বজায় রাখতে বড় সিদ্ধান্ত, টি-টোয়েন্টি ছেড়ে এবার ওয়ানডে বিশ্বকাপেই পাখির চোখ বুমরাহর

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার মিশন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আর সেই মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখেই ভারতীয় দলের প্রধান পেস অস্ত্র জশপ্রীত বুমরাহকে নিয়ে বড়সড় পরিকল্পনা নিল বিসিসিআই। কাজের চাপ বা ‘ওয়ার্কলোড’ কমাতে আগামী দেড় বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বোর্ড সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে বুমরাহকে পূর্ণ শক্তিতে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। ২০১১ সালের পর ফের একবার ওয়ানডে বিশ্বসেরার মুকুট মাথায় তোলাই এখন ভারতের প্রধান লক্ষ্য। ঘরের মাঠে গত বিশ্বকাপে তীরে এসে তরী ডুবলেও, প্রোটিয়া-ভূমে সেই আক্ষেপ মেটাতে মরিয়া নীল জার্সিধারীরা। আর সেই অভিযানে বুমরাহকে ফিট রাখা অত্যন্ত জরুরি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে বুমরাহ আর কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এই দীর্ঘ সময়ে তিনি মূলত টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটেই নিজেকে ব্যস্ত রেখেছেন। তবে আগামী দেড় বছরে পরিস্থিতি বদলাতে চলেছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে বুমরাহ নিয়মিত খেললেও সীমিত ওভারের ক্রিকেটে এখন থেকে ওয়ানডেই হবে তার অগ্রাধিকার। বিশ্বকাপের আগে প্রায় ৩০ থেকে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত, যেখানে বুমরাহকে পর্যাপ্ত সময় মাঠে নামিয়ে ছন্দে ফেরাতে চায় বোর্ড।

বুমরাহ ছাড়াও ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইপিএল শেষ হওয়ার পরেই কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল এবং নির্বাচকদের সঙ্গে বুমরাহর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। মূল লক্ষ্য একটাই, মেগা টুর্নামেন্টের আগে দলের সেরা অস্ত্রকে চোটমুক্ত এবং তরতাজা রাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *