আকাশছোঁয়া বিমান ভাড়া ইরান যুদ্ধের প্রভাবে পকেটে টান পড়তে চলেছে এয়ার ইন্ডিয়া যাত্রীদের

ইরান যুদ্ধের আঁচ এবার সরাসরি ভারতীয় আকাশপথে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির জেরে একলাফে অনেকটা ভাড়া বাড়ানোর ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। গত ১০ মার্চ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই টিকিটের ওপর অতিরিক্ত ‘ফুয়েল সারচার্জ’ চাপানো হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এই বর্ধিত ভাড়া।
এয়ার ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে যাত্রীদের টিকিটের ওপর বাড়তি ৩৯৯ টাকা সারচার্জ দিতে হবে। সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে পশ্চিম এশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এই সারচার্জের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৯০০ টাকার কিছু বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফরের খরচ আরও বাড়ছে; সেখানে ৪০ ডলারের পরিবর্তে সারচার্জ দিতে হবে ৬০ ডলার। আফ্রিকার দেশগুলোতে যাতায়াতের ক্ষেত্রে এই বাড়তি খরচের পরিমাণ দাঁড়াবে ৯০ ডলার বা প্রায় ৮০০০ টাকার বেশি।
পুরো প্রক্রিয়াটি মোট তিন ধাপে সম্পন্ন হবে। আগামী ১৮ মার্চ থেকে ইউরোপ যাত্রায় সারচার্জ ১০০ ডলার থেকে বাড়িয়ে ১২৫ ডলার এবং উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ২০০ ডলার করা হচ্ছে। পরবর্তী ধাপে হংকং ও জাপানসহ সংশ্লিষ্ট অঞ্চলের ভাড়াও বাড়ানো হবে, যার দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও এই বর্ধিত ভাড়া কার্যকর হতে চলেছে। তবে স্বস্তির খবর হলো, ১২ মার্চের আগে যেসব টিকিট ইস্যু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই অতিরিক্ত সারচার্জ দিতে হবে না।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এর ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতেই এয়ার ইন্ডিয়া এই পথে হাঁটল বলে মনে করা হচ্ছে।