বাংলা বিধানসভা নির্বাচনে হিংসা রুখতে কড়া কমিশন, ইভিএম চ্যালেঞ্জ নিয়ে মমতাকেও পাল্টা জবাব জ্ঞানেশ কুমারের

বাংলা বিধানসভা নির্বাচনে হিংসা রুখতে কড়া কমিশন, ইভিএম চ্যালেঞ্জ নিয়ে মমতাকেও পাল্টা জবাব জ্ঞানেশ কুমারের

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সম্পূর্ণ হিংসামুক্ত রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতায় এক হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে এই কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন নির্বাচনে একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে না। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।

রাজ্যে কত দফায় ভোট হবে, তা নিয়ে জল্পনা থাকলেও এদিন সরাসরি কোনও দিনক্ষণ ঘোষণা করেননি মুখ্য নির্বাচন কমিশনার। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করেই ঠিক হবে ভোটের দফার সংখ্যা। ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম কারচুপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি জানান, কোনও প্রার্থীর সন্দেহ থাকলে নির্বাচনের সাত দিনের মধ্যে ইভিএম পরীক্ষার সুযোগ রয়েছে এবং কাউন্টিং এজেন্টের উপস্থিতিতেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ায় আটকে থাকা প্রায় ৫০ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো ছয়টি চিঠি এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গেও তিনি কোনও সরাসরি মন্তব্য করতে চাননি। শুধু এটুকুই বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, এখানে যে কেউ নিজের মত প্রকাশ করতে পারেন। সোমবার থেকে রাজ্যের প্রশাসনিক আধিকারিক এবং শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবার এই সাংবাদিক সম্মেলন করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *