২০২৭ বিশ্বকাপ জয়ের ছক সাজাচ্ছেন গৌতম গম্ভীর তরুণ তুর্কিদের নিয়েই কি ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ নিয়ে অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী এই মেগা টুর্নামেন্টের জন্য এখন থেকেই রূপরেখা তৈরি করছেন তিনি। বিসিসিআই কর্মকর্তা ও নির্বাচকরাও গম্ভীরের রণকৌশলের ওপর পূর্ণ আস্থা রাখছেন।
দক্ষিণ আফ্রিকার দ্রুতগতি ও বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে নির্দিষ্ট একঝাঁক ক্রিকেটারকে চিহ্নিত করার কাজ শুরু করেছেন কোচ। গম্ভীরের মতে, ২০২৬ সালের আইপিএল চলাকালীনই বিশ্বকাপের চূড়ান্ত পরিকল্পনা সেরে ফেলা হবে। আগামী বিশ্বকাপের আগে ভারতের হাতে আর মাত্র ২৫ থেকে ৩০টি একদিনের ম্যাচ রয়েছে। এই সীমিত সুযোগের মধ্যেই সেরা কম্বিনেশন খুঁজে নিতে মরিয়া গম্ভীর।
এই প্রসঙ্গে প্রধান কোচ জানান, বর্তমানে ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি খেলা হয় না, তাই যত দ্রুত সম্ভব পরিকল্পনা শুরু করা প্রয়োজন। তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রেখে বিশ্বজয়ের যে ধারা গম্ভীর শুরু করেছেন, ২০২৭ সালেও সেই একই মানসিকতা নিয়ে মাঠে নামতে চায় টিম ইন্ডিয়া। মে মাসের শেষ নাগাদ বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা ও সামগ্রিক পরিকল্পনা চূড়ান্ত রূপ পেতে পারে।