বিশ্বজয়ী সূর্য বাহিনীকে ১৫৮ কোটির উপহার বিসিসিআই ও আইসিসির তরফে

চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দলের জন্য আর্থিক পুরস্কারের বন্যা বয়ে যাচ্ছে। ২০২৪ সালে রোহিত শর্মার পর এবার অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জয়ের ধারা বজায় রাখতেই বিসিসিআই বড়সড় আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে। বোর্ড সূত্রে জানানো হয়েছে, এবারের চ্যাম্পিয়ন দলের জন্য ১৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, গতবার এই পুরস্কারের অঙ্ক ছিল ১২৫ কোটি টাকা, যা সেই সময় পর্যন্ত ছিল সর্বোচ্চ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল বিসিসিআই। বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ভারতই বিশ্বের প্রথম দল যারা তিনবার টি-২০ বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ল।
কেবল ভারতীয় ক্রিকেট বোর্ডই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-ও বিশ্বজয়ী ভারতীয় দলের জন্য পুরস্কারের ঝুলি উজাড় করে দিয়েছে। ট্রফি জয়ের সুবাদে সূর্যবাহিনী পাচ্ছে ৩০ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা। এবারের টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ৩৫ লক্ষ মার্কিন ডলার, যা গত আসরের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া গ্রুপ পর্ব ও সুপার এইট পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদাভাবে প্রায় ২৮ লক্ষ ৬০ হাজার টাকা করে পেয়েছে দল। সব মিলিয়ে ভারতীয় দলের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে প্রায় ১৫৮ কোটি টাকা, যা দলের সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।