রাজভবনে কি এবার ঝোড়ো ইনিংস শুরু হচ্ছে? আজই কলকাতায় পা রাখছেন নতুন রাজ্যপাল আর এন রবি

পশ্চিমবঙ্গের প্রশাসনিক অলিন্দে এখন টানটান উত্তেজনা। আজ বুধবার ঠিক সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করছেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী আর এন রবি। ১৯৭৬ সালের কেরালা ক্যাডারের এই প্রাক্তন আইপিএস আধিকারিক ইতিপূর্বে গোয়েন্দা বিভাগ (IB) এবং জাতীয় নিরাপত্তা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মেঘালয় ও তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও, বাংলায় তাঁর আগমন ঘিরে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আগামীকালই তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।
তবে এই নতুন নিয়োগ নিয়ে নবান্নের সঙ্গে রাজভবনের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ এবং আর এন রবির নিয়োগ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্যপালকে ‘বিজেপির ক্যাডার’ বলে কটাক্ষ করে তিনি সাফ জানিয়েছেন যে, তামিলনাড়ুর সমীকরণ আর বাংলার মাটি এক নয়। একদিকে প্রাক্তন রাজ্যপালের প্রতি মুখ্যমন্ত্রীর সহানুভূতি এবং অন্যদিকে নতুন রাজ্যপালের আগমন— সব মিলিয়ে বাংলার প্রশাসনিক আঙিনায় এক নতুন সংঘাতের আবহ তৈরি হয়েছে।