যুদ্ধ পরিস্থিতির জেরে কলকাতায় বন্দি প্রোটিয়া ও ক্যারিবিয়ান তারকারা ফের বাতিল বিমান

পশ্চিম এশিয়ার আকাশপথে চরম অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় কলকাতায় আটকে পড়লেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন কেটে গেলেও পরিস্থিতির জটিলতায় এখনও দেশে ফিরতে পারছেন না দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
আইসিসি-র পক্ষ থেকে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হলেও মঙ্গলবার শেষ মুহূর্তে জোহানেসবার্গের ফ্লাইটটি বাতিল হয়ে যায়। মূলত পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ এয়ারস্পেস বা আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক উড়ান চলাচলে এই অচলাবস্থা তৈরি হয়েছে। রুট পরিবর্তন করেও শেষ রক্ষা না হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন ক্রিকেটাররা।
বর্তমানে কলকাতার একটি অভিজাত হোটেলে ওয়েস্ট ইন্ডিজের ১২ জন ক্রিকেটার ও ১০ জন সাপোর্ট স্টাফ অবস্থান করছেন। ১ মার্চ ভারতের কাছে হারের পর থেকেই তারা শহরে রয়েছেন। অন্যদিকে ৪ মার্চ সেমিফাইনালে পরাজয়ের পর থেকে দক্ষিণ আফ্রিকার ১২ জন ক্রিকেটার ও ২ জন সহকারীও আটকা পড়েছেন। বিসিসিআই ও আইসিসি পরিস্থিতির ওপর নজর রাখছে। আকাশপথের ছাড়পত্র না মেলা পর্যন্ত বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে আপাতত ইডেনের শহরই হয়ে উঠেছে দুই বিদেশি দলের অস্থায়ী ঠিকানা।