ভোটের নির্ঘণ্টে আটকে আইপিএলের ভাগ্য! পুরো সূচি পেতে কেন অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের

ভোটের নির্ঘণ্টে আটকে আইপিএলের ভাগ্য! পুরো সূচি পেতে কেন অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৯তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আবহে ক্রিকেট মহলে উত্তেজনা তুঙ্গে থাকলেও, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আগামী ১২ মার্চের মধ্যে আইপিএলের প্রাথমিক সূচি ঘোষণা করা হতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টটি ২৮ মার্চ শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলার কথা। তবে পশ্চিমবঙ্গ, আসাম এবং তামিলনাড়ুসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বিসিসিআই। ভোটের নিরাপত্তার সঙ্গে যাতে খেলার সূচি সাংঘর্ষিক না হয়, তাই আপাতত প্রথম ২০ দিনের নির্ঘণ্ট প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা সামনে আসার পরই টুর্নামেন্টের বাকি অংশের সূচি চূড়ান্ত করা হবে।

সূচি নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত ১ মার্চ থেকেই নাভালুরে অনুশীলন শুরু করে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ইতোমধ্যেই শিবিরে যোগ দিয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নভি মুম্বইয়ে তাদের প্রস্তুতি শিবির সেরেছে। অন্যদিকে, গুজরাট টাইটান্স রাজস্থানের নাথদ্বারায় এবং পাঞ্জাব কিংস আবুধাবিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সও তাদের দেশীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করেছে। রাজস্থান রয়্যালস আগামী ১৫ মার্চ থেকে জয়পুরে তাদের প্রস্তুতি শিবির শুরু করতে চলেছে। ক্রিকেট ভক্তরা এখন ১২ মার্চের দিকে তাকিয়ে আছেন, যখন বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোটিপতি লিগের প্রথম ধাপের দিনক্ষণ ঘোষণা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *