ব্রাজিল ফুটবলে নজিরবিহীন কলঙ্ক এক ম্যাচেই ২৩ ফুটবলারকে লাল কার্ড দেখালেন রেফারি

ব্রাজিল ফুটবলে নজিরবিহীন কলঙ্ক এক ম্যাচেই ২৩ ফুটবলারকে লাল কার্ড দেখালেন রেফারি

মাঠেই শুরু হলো ফুটবলারদের নজিরবিহীন মারামারি এবং হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ফুটবল মাঠের ভেতরে পুলিশ ঢুকতে বাধ্য হলো। ব্রাজিলের ক্যাম্পিওনাতো মিনেইরোর ফাইনাল ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরো এবং ক্রুজেইরোর লড়াই রূপ নিল এক কলঙ্কিত অধ্যায়ে। এই লজ্জাজনক ঘটনায় দুই দলের মোট ২৩ জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি।

ম্যাচে কাইও জর্জের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ক্রুজেইরো। উত্তেজনার সূত্রপাত হয় একদম শেষ মুহূর্তে, যখন ইনজুরি টাইমের খেলা চলছিল। ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান গোল করার সুযোগ তৈরি করলে মিনেইরোর গোলরক্ষক এভারসন বলটি তালুবন্দি করেন। তবে বল ধরার পরেই অতর্কিতে ক্রিশ্চিয়ানের পেটে ধাক্কা মেরে তাকে ফেলে দেন এভারসন। এরপর মাটিতে পড়া অবস্থায় তার বুকে হাঁটু দিয়ে আঘাত করেন এবং কানে গিয়ে কিছু উস্কানিমূলক কথা বলেন।

এই ঘটনার পরপরই দুই দলের ফুটবলার, রিজার্ভ বেঞ্চের সদস্য এবং সাপোর্ট স্টাফরা মাঠে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যে মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। একে অপরকে লাথি, ঘুষি এবং ধাক্কা মারতে শুরু করেন ফুটবলাররা। রেফারি ম্যাথিউস ডেলগাডো পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে একে একে ২৩ জনকে লাল কার্ড দেখান। বহিষ্কৃতদের মধ্যে ক্রুজেইরোর ১২ জন এবং মিনেইরোর ১১ জন ফুটবলার রয়েছেন। লাল কার্ড পাওয়া ফুটবলারদের তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা হাল্কও। ফুটবল বিশ্বের ইতিহাসে এমন গণ-লাল কার্ডের ঘটনা বিরল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *