আইডিবিআই ব্যাঙ্কে ১,১০০ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, জানুন আবেদনের খুঁটিনাটি

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আইডিবিআই) দেশজুড়ে ১,১০০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ৬০টি শূন্যপদ। আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ স্নাতক হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলেই চলবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এ ছাড়াও প্রার্থীদের কম্পিউটারে প্রাথমিক দক্ষতা থাকা আবশ্যিক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সফল প্রার্থীদের বার্ষিক প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার প্যাকেজে নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ মার্চের মধ্যে আইডিবিআই ব্যাঙ্কের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সঠিক শতাংশ উল্লেখ করা বাধ্যতামূলক। ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের জন্য কেন্দ্রীয় স্তরের এই স্থায়ী চাকরির সুযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।