মেঘালয়ে নির্বাচনী সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২, জারি কারফিউ

গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলা। মঙ্গলবার ভোরে চিবিনাং এলাকায় আদিবাসী ও অ-আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন সেনাবাহিনী মোতায়েন করেছে এবং এলাকায় ফ্ল্যাগ মার্চ শুরু হয়েছে।
মূলত নির্বাচনে অ-উপজাতিদের অংশগ্রহণকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত। সোমবার ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক এস্তামুর মোমিন মনোনয়নপত্র জমা দিতে গেলে বিক্ষোভকারীরা তাঁকে লাঞ্ছিত করে বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলনেতা মুকুল সাংমা অভিযুক্ত প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
সহিংসতা রুখতে ১০ মার্চ মধ্যরাত থেকে জেলাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। এদিকে মেঘালয় হাইকোর্ট রাজ্য সরকারকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ ধার্য করা হয়েছে।