উপসাগরীয় যুদ্ধ নিয়ে মোদি ও কংগ্রেসের বাগযুদ্ধ, উত্তপ্ত কেরলের নির্বাচনী ময়দান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। ভোটমুখী কেরলের এর্নাকুলমে একাধিক প্রকল্পের উদ্বোধন শেষে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, আটকে পড়া ভারতীয়দের নিয়ে রাজনীতি করছে শতাব্দীপ্রাচীন এই দলটি। প্রধানমন্ত্রীর দাবি, পরিস্থিতি জটিল করতে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে দায়িত্বহীন বিবৃতি দিচ্ছে যাতে কেন্দ্রীয় সরকারকে জনসমক্ষে অপমান করা যায়।
অন্যদিকে, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে সংকটের আশঙ্কা প্রকাশ করে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই ইস্যুতে সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন যে প্রধানমন্ত্রী সংসদ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তেলের দাম বৃদ্ধি এবং সম্ভাব্য অর্থনৈতিক ধাক্কা নিয়ে সরকার কোনো সদর্থক পদক্ষেপ করছে না বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ। পালটা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতসহ বিভিন্ন দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনো পক্ষই পিছু হটতে রাজি হয়নি। এই যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়লেও অভ্যন্তরীণ রাজনীতিতে অভিযোগ ও পালটা অভিযোগের পালা অব্যাহত রয়েছে।