মধ্যপ্রাচ্যে ইরানের ভয়াবহ হামলা, দুবাই ও বাহরিনে বিস্ফোরণে আহত ভারতীয়

ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যকার সংঘাত চরম আকার ধারণ করেছে। বুধবার মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দুবাই বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ড্রোন হামলায় এক ভারতীয়সহ চারজন আহত হয়েছেন। এছাড়া বাহরিনেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে অগ্নিসংযোগের ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। পালটা বিবৃতিতে ইরান জানিয়েছে, তারা এবার আমেরিকা ও ইজরায়েলের অর্থনৈতিক কেন্দ্র, ব্যাংক এবং প্রযুক্তি কো ম্পা নিগুলোকে লক্ষ্যবস্তু করবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ও ইজরায়েলি স্বার্থে এই শক্তিশালী প্রত্যাঘাত শুরু করেছে তেহরান।
যুদ্ধে ইরানে এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং লেবাননে ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ১০ জন। রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশ শান্তি প্রস্তাব দিলেও কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। বর্তমানে কুয়েত, জর্ডন, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়ায় গোটা বিশ্বে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।