যুদ্ধবিধ্বস্ত আরব দুনিয়া থেকে ১৬৯ ভারতীয়কে ফেরালেন পাইলট দীপিকা

যুদ্ধবিধ্বস্ত আরব দুনিয়া থেকে ১৬৯ ভারতীয়কে ফেরালেন পাইলট দীপিকা

আরব দুনিয়ার ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মাঝে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ১৬৯ জন ভারতীয় যাত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৩ বছর বয়সী তরুণ পাইলট দীপিকা অধানা। ফরিদাবাদের বাসিন্দা দীপিকা গত ৬ মার্চ রাস আল খেইমা বিমানবন্দর থেকে এই বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন। উড়ানের আগে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মায়ের কাছে সংশয় প্রকাশ করলেও, শেষ পর্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে দিল্লিতে অবতরণ করেন তিনি।

ক্যাপ্টেন জসবিন্দর কৌর ও দীপিকা অধানার নেতৃত্বে এই বিমানের সমস্ত ক্রু সদস্যই ছিলেন মহিলা। অভিযান চলাকালীন মাঝ আকাশে কয়েক মুহূর্তের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম উত্তেজনা তৈরি হয়েছিল। তবে সমস্ত বাধা কাটিয়ে দুপুর ২টোয় গন্তব্যে পৌঁছানোর পর বিকেল ৩টে ৩০ মিনিটে যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি। প্রতিকূল পরিস্থিতিতেও কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তার আশ্বাসে অবিচল ছিলেন এই সাহসী কন্যারা।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর দীপিকা ও তাঁর দলকে কৃতজ্ঞতা জানান আবেগপ্রবণ যাত্রীরা। মেয়ের এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার। ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখা দীপিকা ২০২০ সালে স্কুল পাঠ চুকিয়ে কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে ২০২৪ সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যোগ দেন। সংকটের মুখে দেশবাসীকে উদ্ধারে তাঁর এই বীরত্বপূর্ণ ভূমিকা বর্তমানে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *