বিশ্বজয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেলেন আর্শদীপ সিং আইসিসি নিল কঠিন পদক্ষেপ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত ইতিহাস গড়লেও ব্যক্তিগত স্তরে শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়ে মারার অপরাধে এই তরুণ পেসারকে মোটা অঙ্কের জরিমানা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
ঘটনাটি ঘটে নিউজিল্যান্ড ইনিংসের একাদশ ওভারে। আর্শদীপের বলে জোড়া ছক্কা মারার পর পঞ্চম বলে ড্যারিল মিচেল একটি রক্ষণাত্মক শট খেলেন। বলটি সরাসরি আর্শদীপের হাতে জমা হলেও তিনি হঠাৎ করে উইকেট লক্ষ্য করে বল ছোড়েন, যা মিচেলের ঊরুতে গিয়ে লাগে। এই ঘটনায় মাঠে উত্তেজনা ছড়ায় এবং আম্পায়ার তৎক্ষণাৎ আর্শদীপকে সতর্ক করেন। ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
আইসিসি জানিয়েছে, আর্শদীপ সিং আচরণবিধির লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন। শাস্তি হিসেবে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই আর্শদীপের প্রথম ডিমেরিট পয়েন্ট। তবে আগামী দুই বছরের মধ্যে তাঁর নামের পাশে মোট ৪টি ডিমেরিট পয়েন্ট জমা হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনের মুখে পড়তে পারেন।