বিশ্বজয়ের আনন্দের মাঝেই শাস্তির মুখে আর্শদীপ সিং, কাটা গেল ম্যাচ ফি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার খেতাব জয় করল ভারত। তবে এই ঐতিহাসিক জয়ের আবহেও শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়ে মারার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
ম্যাচের একাদশ ওভারে মিচেল একটি শট খেলার পর বলটি সরাসরি আর্শদীপের হাতে ফিরে আসে। সেই সময় হঠাৎ করেই উইকেট লক্ষ্য করে বল ছোড়েন আর্শদীপ, যা সরাসরি মিচেলের ঊরুতে গিয়ে লাগে। এই ঘটনায় ক্ষুব্ধ হন কিউয়ি ব্যাটার এবং মাঠের আম্পায়ার তৎক্ষণাৎ আর্শদীপকে সতর্ক করেন। আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
শাস্তি হিসেবে আর্শদীপের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার প্রোফাইলে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে যদি আর্শদীপের খাতায় আরও চারটি ডিমেরিট পয়েন্ট জমা হয়, তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারেন।