পশ্চিম এশিয়ায় অস্থিরতায় পর্যটন সংকটে দুবাই, রেকর্ড হারে কমল বিলাসবহুল হোটেলের ভাড়া

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ের পর্যটন শিল্পে বড়সড় ধাক্কা লেগেছে। ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শহরের বিলাসবহুল হোটেলগুলোতে নতুন বুকিংয়ের হার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং পর্যটকদের আকর্ষণ করতে হোটেল কর্তৃপক্ষগুলো ভাড়ার ওপর ব্যাপক ছাড় ঘোষণা করেছে। গত সপ্তাহের তুলনায় বর্তমানে গড় হোটেল ভাড়া প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুবাইয়ের নামী হোটেলগুলোর বুকিং বর্তমানে এক অঙ্কের ঘরে নেমে এসেছে। ‘ফাইভ পাম জুমেইরাহ’-র মতো বিলাসবহুল রিসর্টে বর্তমানে বিশেষ প্যাকেজে মাত্র ৩৪৯ দিরহামে ঘর মিলছে, যার স্বাভাবিক ভাড়া থাকে ১০০০ দিরহামের বেশি। এছাড়া তাজ দুবাই, শাংরি-লা এবং গ্র্যান্ড হায়াত-এর মতো প্রথম সারির হোটেলগুলোতেও ভাড়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অনেক ক্ষেত্রে করসহ রুমের দাম সাধারণ সময়ের তুলনায় অর্ধেক হয়ে দাঁড়িয়েছে।
হোটেল শিল্প বিশেষজ্ঞদের মতে, ফেব্রুয়ারি মাস সাধারণত দুবাইয়ের জন্য ব্যবসার মরসুম হলেও চলতি বছরে আয় গত বছরের তুলনায় অনেকটা কমেছে। কোনো কোনো ক্ষেত্রে প্রতি রুম পিছু আয় প্রায় ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। বিমান চলাচল সীমিত পরিসরে শুরু হলেও পর্যটকদের মধ্যে আতঙ্ক কাটেনি। ফলে দুবাইয়ের এই সস্তায় বিলাসবহুল পরিষেবা পাওয়ার সুযোগ আরও কিছুদিন বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।