গর্ভবতী মেয়ের ‘সর্বনাশ’ ঢাকতে মায়ের বিষ প্রয়োগ, উত্তরপ্রদেশে লোকলজ্জার বলি তরুণী

উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় এক শিউরে ওঠা ঘটনায় ১৯ বছরের তরুণী ফারজানাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁরই মা ও দাদার বিরুদ্ধে। ভিন্ন ধর্মে প্রেম এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা জানাজানি হতেই সামাজিক সম্মানের দোহাই দিয়ে এই চরম পথ বেছে নেন তাঁরা।
ঘটনার সূত্রপাত গত বছর অক্টোবর মাসে, যখন সামাজিক মাধ্যমে সুনীল যাদব নামে এক যুবকের সঙ্গে ফারজানার পরিচয় হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুনীল তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করান। এই খবর জানাজানি হওয়ার পর ফারজানার মা আফসানা ও দাদা আফসার তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
গত ২৬ ফেব্রুয়ারি রেল স্টেশন থেকে অচেতন অবস্থায় পুলিশ ফারজানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হওয়ার পর ফারজানা তাঁর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করলেও, তদন্তে মোড় ঘোরে ১ মার্চ রাতে। সেদিন হাসপাতাল থেকে ফারজানাকে জোর করে বাড়ি নিয়ে গিয়ে গ্রামের নির্জন মাঠে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে তাঁর পরিবারের বিরুদ্ধে। অভিযুক্ত মা নিজেই পুলিশে খবর দিয়ে পুরো ঘটনাটি প্রেমিকের ওপর চাপানোর চেষ্টা করেছিলেন।
তবে কললিস্ট ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে, পরিবারের সদস্যরাই এই খুনের নেপথ্যে। ডিএসপি ব্রজমোহন রাই জানান, জেরায় অভিযুক্তরা স্বীকার করেছেন যে গ্রামের মানুষের কাছে মুখ দেখানোর ভয়েই তাঁরা ফারজানাকে সরিয়ে দিয়েছেন। বর্তমানে মা ও দাদাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।